বাংলাদেশ

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৯

সংগৃহীত ছবি।

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, দেশ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন এবং সবাই মিলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পূর্ববর্তী বক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যের প্রশংসা করে তারেক রহমান বলেন, বিশেষ করে ড. আনিসুজ্জামানের উদ্ভাবন বিষয়ক উপস্থাপনা ও বক্তব্যের মধ্য দিয়ে আগামী দিনের কর্মপন্থা মোটামুটিভাবে নির্ধারিত হয়ে গেছে এবং এসব কর্মপন্থা ধীরে ধীরে বাস্তবায়ন করা গেলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে এবং উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তায় সরকার সব সময় পাশে থাকবে।

পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু; বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী এবং দেশি-বিদেশি উদ্ভাবক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন