সিলেট

কুলাউড়ায় পরিত্যক্ত পাইপগান ও রাইফেলের গুলি উদ্ধার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৬

মৌলভীবাজারের কুলাউড়ায় চা-বাগান এলাকা থেকে উদ্ধার করা দেশীয় পাইপগান ও রাইফেলের গুলি।

কুলাউড়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও একটি চায়না রাইফেলের দুটি গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া গ্রামের পানাইপুঞ্জি সড়কের রাজনগর চা-বাগান এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে কুলাউড়া থানার কর্মধা ইউনিয়নের মুরইছড়া গ্রামের পানাইপুঞ্জি সড়কের পশ্চিম পাশে রাজনগর চা-বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চা-বাগানের ভেতর থেকে কালো পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পাইপগান ও দুটি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব এবং এ ঘটনায় তাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত দেশি-বিদেশি ৫১টি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ৪টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রলবোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৬২টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব।

সিলেট থেকে আরো পড়ুন