বাউলসম্রাট শাহ আবদুল করিম (ফাইল ছবি)।
লোকসংগীত শিল্পী, গীতিকার ও সুরকার শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম ইব্রাহিম আলী এবং মাতার নাম নাইওরজান বিবি। পিতা ছিলেন একজন দরিদ্র কৃষক।
শাহ আবদুল করিম বাল্যকালে শিক্ষালাভের সুযোগ পাননি। ১২ বছর বয়সে নিজ গ্রামের একটি নৈশবিদ্যালয়ে কিছুকাল পড়াশোনা করে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন, পরে নিজের চেষ্টায় স্বশিক্ষিত হয়ে ওঠেন। কৈশোরকাল থেকেই গণসংগীতের প্রতি তার আকর্ষণ ছিল এবং জীবনের বাস্তবতা তাকে গণসংগীত রচনায় উদ্বুদ্ধ করে বলে মনে করা হয়।
‘বন্দে মায়া লাগাইছে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘তোমরা কুঞ্জ সাজাও গো’সহ বহু জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।
২০০১ সালে শাহ আবদুল করিমকে একুশে পদকে ভূষিত করা হয়। এ ছাড়াও তিনি রাগিব-রাবেয়া সাহিত্য পুরস্কার, লেবাক অ্যাওয়ার্ড, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা এবং সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজীবন সম্মাননাসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
বাংলার বাউল গানকে নতুন দিশা দেওয়া এই গুণী শিল্পী ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মারা যান।
বিনোদন থেকে আরো পড়ুন