বিনোদন

ভেনিসে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, নিন্দা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফাইল ছবি।

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় তিনি নিজেই এ অভিযোগ করেন।

বাঁধন জানান, ভেনিসে অবস্থানকালে ভাইয়ের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। তার অভিযোগ, হামলাকারীরা তার গায়ে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তার হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয় এবং কানের কাছে আঘাত করা হয় বলেও দাবি করেন তিনি। পরে বিষয়টি নিয়ে তিনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন।

বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং দেশি-বিদেশি গণমাধ্যমে আন্দোলনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীদের কয়েকজন নিজেদের নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেন এবং তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করে, পাশাপাশি পুরো ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলেও জানান তিনি। হামলার সময় তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন বাঁধন।

ঘটনার পর প্রতিবাদ ও সহমর্মিতা জানিয়ে এগিয়ে আসেন অনেকে। মঙ্গলবার সকালে আরেকটি ভিডিওবার্তায় বাঁধন শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে নিজেকে নিরাপদ বলে জানান।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিদেশের মাটিতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী উপলক্ষে ভেনিসে গেছেন বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে জায়গা পাওয়া সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গত ৬ সেপ্টেম্বর।

বিনোদন থেকে আরো পড়ুন