বিনোদন

মারধর ও ভাঙচুরের মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন পরীমনি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ১২:১৩

সংগৃহীত ছবি।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার সাক্ষ্যগ্রহণের দিন অসুস্থতার কারণে আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১। পরীমনির আইনজীবী জানান, অ্যালার্জিজনিত সমস্যার কারণে তিনি আদালতে যেতে পারেননি। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ২৩ ডিসেম্বর ধার্য করেছেন।

২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ পরীমনি ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনাইদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

মামলাটি ঢাকার বোট ক্লাবের ২০২১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে করা পাল্টা মামলাগুলোর একটি। পরীমনি অভিযোগ করেছিলেন, সেখানে তাঁকে ধর্ষণের চেষ্টা ও মারধর করা হয়েছে। নাসিরের অভিযোগ, বোট ক্লাবে বিল পরিশোধ নিয়ে বিরোধের একপর্যায়ে পরীমনি তাঁকে গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে আঘাত করেন। এ ঘটনায় করা পৃথক দুই মামলায় পরীমনি ও নাসির দুজনই বিচারাধীন রয়েছেন।

বিনোদন থেকে আরো পড়ুন