আইসিটি

চ্যাটজিপিটিতে নির্দিষ্ট কথোপকথন লক করার সুবিধা চালু

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১২:৩০

সংগৃহীত ছবি।

ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন অন্যের চোখ থেকে আড়াল রাখতে ‘লকড চ্যাটস’ সুবিধা চালু করেছে ওপেনএআই। এ ফিচারে নির্দিষ্ট চ্যাট চার সংখ্যার পিন দিয়ে লক করা যাবে। সমর্থিত মোবাইল ডিভাইসে পিনের পাশাপাশি ফেস আইডি, টাচ আইডি বা ডিভাইস আনলক পদ্ধতিও ব্যবহার করা যাবে।

চ্যাটের পাশের তিন ডট মেনু থেকে ‘লকড চ্যাট’ নির্বাচন করে সেটি লক করা যাবে। লক করা কথোপকথন সাধারণ চ্যাট হিস্ট্রি, পিন করা চ্যাট ও নিয়মিত সার্চের ফলাফলে দেখা যাবে না। পরে চ্যাটজিপিটির ‘প্রজেক্টস’ অংশের ‘লকড চ্যাটস’ বিভাগ থেকে পিন বা সমর্থিত বায়োমেট্রিক পদ্ধতিতে খোলা যাবে।

পিন ভুলে গেলে সেটি রিসেট করা যাবে, তবে এতে লক করা সব চ্যাট, সেগুলোর মধ্যে থাকা শুধু ওই চ্যাটে সংরক্ষিত মেমরি এবং সুরক্ষিত ফাইল স্থায়ীভাবে মুছে যাবে; সেগুলো আর ফিরিয়ে আনা যাবে না। ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা আলাদা এনক্রিপ্টেড ভল্ট নয় এবং এটি তথ্য সংরক্ষণ বা মডেল উন্নয়নের সেটিংসও পরিবর্তন করে না। সুবিধাটি ধাপে ধাপে বিভিন্ন অ্যাকাউন্টে চালু করা হচ্ছে।

আইসিটি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন