সংগৃহীত ছবি।
ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব দেশে ফিরছেন। আগামী ৫ নভেম্বর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করবেন তিনি।
বৃহস্পতিবার টেকনোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশেষ ভিডিও বার্তায় সঞ্জয় বলেন, বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা তাঁর জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল, তবে বাংলাদেশের মানুষের সামনে সংগীত পরিবেশনের অনুভূতি আলাদা। দেশে এসে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তিনি উচ্ছ্বসিত।
সম্প্রতি ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পরিবেশন করে আলোচনায় আসেন সঞ্জয়। ওই অনুষ্ঠানে রয়েল বেঙ্গল টাইগারের ছবি আঁকা বিশেষ জ্যাকেট পরে নিজের বাংলাদেশি পরিচয়ও তুলে ধরেন তিনি।
টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তাঁর সংগীতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য স্মরণীয় করে তোলার প্রত্যাশাও জানান তিনি।
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশ নেবে।
সঞ্জয় দেবের জন্ম ১৯৯১ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে। তাঁর মায়ের পরিবারের শিকড় সুনামগঞ্জে।
বিনোদন থেকে আরো পড়ুন