প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৮
সংগৃহীত ছবি।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচার-আচরণ ও চালচলন বিশ্লেষণ করে তার হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ডন মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলেও দাবি করেছে সংস্থাটি।
পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান। আবেদনে বলা হয়, পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডন তাদের চেনার কথা প্রকাশ করলেও মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে চলাফেরা করার কারণে ডন সালমানের বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদে ডন কৌশলে কথা বলেছেন। তবে ঘটনার আগে, পরে ও ঘটনার সময় তার আচার-আচরণ বিশ্লেষণ করে জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করে সিআইডি জানায়, এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সংস্থাটির ভাষ্য, ডন চতুর প্রকৃতির হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এবং তদন্তের স্বার্থে প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ, পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করলে ২৭ আগস্ট আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিনোদন থেকে আরো পড়ুন