সিলেট

দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে গণপিটুনি, তিনজনের চোখ নষ্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৭

সংগৃহীত ছবি।

দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে একজনের পা ভাঙাসহ তিনজনেরই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে প্রথমে চুরি যাওয়া দুটি গরুসহ একজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে ধরে এনে স্থানীয় পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে নির্যাতন করা হয় বলে অভিযোগ।

নির্যাতনের শিকার হন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর (৩৫), পূর্ব গিলাতলী গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নিজাম উদ্দিন (৩০) এবং পার্শ্ববর্তী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের মৃত শেরগুল মিয়ার ছেলে সোনাই মিয়া (২৫)।

এলাকাবাসী জানান, বুধবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বক্তারপুর গ্রামের ইকবাল হোসেনের দুটি গরু চুরির অভিযোগে বৃহস্পতিবার ভোরে পালইছড়া গ্রামের লোকজনের হাতে গরুসহ আটক হন সোনাই মিয়া। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবু বক্কর ও নিজাম উদ্দিনকেও ধরে আনে এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য হানিফ আলী, বিএনপি নেতা মোর্শেদ আলমসহ শতাধিক মানুষ সেখানে জড়ো হন।

অভিযোগ অনুযায়ী, এ সময় উত্তেজিত জনতা তিনজনকে বেঁধে নির্যাতন চালায়, যাতে আবু বক্করের একটি পা ভেঙে যায় এবং তিনজনেরই চোখ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে এবং চুরি যাওয়া গরু দুটি জব্দ করে।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মোর্শেদ আলম বলেন, এলাকায় গরুচুরিসহ বিভিন্ন চুরির ঘটনায় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে আছেন।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, স্থানীয়দের হাতে আটক হওয়া তিনজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট থেকে আরো পড়ুন