সিলেট

সিলেট সীমান্তে ৪৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৮

জব্দ মালামাল।

সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার-টিউব, চিনি ও জুস আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুনও আটক করা হয়।

আটক করা চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন