কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে উদ্ধার করা মনোক্লেড কোবরা সাপের বাচ্চা।
কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে মনোক্লেড কোবরা সাপের ৫টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে মুজাহিদ মঞ্জিল থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাপানপ্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও তাৎক্ষণিক সমাধান না পেয়ে তারা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সিঁড়ির নিচ থেকে একে একে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, মনোক্লেড কোবরা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। উদ্ধার করা সাপগুলোকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের বাচ্চাগুলো বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সেগুলো অবমুক্ত করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন