হবিগঞ্জের মাধবপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে জব্দকৃত ভারতীয় চোরাচালান পণ্য।
হবিগঞ্জে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেলে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিকসসহ মদ ও গাঁজা। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্যের অনুপ্রবেশরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে সুরমা চা-বাগান এলাকায় টহল পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ড্রাম ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটি তল্লাশি করা হয়, এতে বহন করা বালির নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন