প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩০
ঢাকায় বণিক বার্তা আয়োজিত এভিয়েশন বিষয়ক নীতি সম্মেলনে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ২০৩৪ সালের লক্ষ্যমাত্রা সামনে রেখে দেশের এভিয়েশন খাতকে একটি বিশ্বমানের আঞ্চলিক হাবে পরিণত করার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক নীতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারের রাজনৈতিক লক্ষ্যমাত্রা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল নিয়ে একটি লাভজনক চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে সরকার এবং পর্যায়ক্রমে সফট ওপেনিংয়ের পর আগামী এপ্রিলেই এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিলেন, যেখানে তিনি নিজে ও বিমানমন্ত্রী ছিলেন। এই টার্মিনাল চালু হলে বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী যাতায়াতের সুবিধা পাবেন, যা বাংলাদেশকে একটি বৃহৎ এভিয়েশন হাবে পরিণত করার সূচনা করবে বলে মন্তব্য করেন তিনি।
বিগত সরকারের প্রশাসনিক ও নীতিগত ব্যর্থতার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় এই খাতে নীতিগত সহায়তা বা সহায়ক পরিবেশ না থাকাটা স্বাভাবিক ছিল এবং নতুন সরকার এভিয়েশন খাতকে পুনরুজ্জীবিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে এই খাতে উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদাহরণ টেনে তিনি আন্তর্জাতিক রুট সম্প্রসারণ ও ‘ওপেন স্কাই পলিসি’ (মুক্ত আকাশ নীতি) বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও তার বাইরের দেশগুলোর গেটওয়ে হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ বিমান এবং ফরাসি কোম্পানি এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বোয়িং না এয়ারবাস কেনা হবে, তা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেবিচকের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন। এ ছাড়া বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বাংলাদেশ থেকে আরো পড়ুন