ছবি: সংগৃহীত
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। মুমূর্ষু সিজারিয়ান এক মায়ের জীবন বাঁচাতে নিজেই রক্ত দিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি।
সম্প্রতি ওই নারী ডেলিভারি সমস্যা নিয়ে গোয়াইনঘাট কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে বিষয়টি ইউএনও রতন কুমার অধিকারীর নজরে আসে। মানুষের জীবন রক্ষার বিষয়টি জানতে পেরে তিনি কোনো ধরনের দ্বিধা না করে নিজেই রক্তদানে এগিয়ে আসেন। পরে হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে ওই মায়ের চিকিৎসায় সহায়তা করেন তিনি।
দাপ্তরিক ব্যস্ততার মধ্যেও একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে রক্ত দেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব শুধু অফিসের ফাইল-নথি কিংবা প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়—মানুষের বিপদে পাশে দাঁড়ানোও একজন মানবিক কর্মকর্তার বড় পরিচয়।
স্থানীয়রা জানান, ইউএনও রতন কুমার অধিকারী দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। মুমূর্ষু মায়ের জন্য নিজের রক্ত দেওয়ার ঘটনাটি তাঁর মানবিকতারই আরেকটি অনন্য দৃষ্টান্ত।
রক্তদানের পর ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “একজন মানুষের জীবন বাঁচাতে যদি আমার সামান্য সহযোগিতাও কাজে আসে, তাহলে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”
তাঁর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাই যদি এভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করা সম্ভব।
সিলেট থেকে আরো পড়ুন