বিনোদন

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিচারের দাবি জোরালো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৪

ছবি: নাগরী নিউজ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ।  অল্প সময়েই তাক লাগিয়ে দিয়েছিলেন পুরো দেশে।  অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্বের মাধ্যমে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তিন দশক পরও তা অটুট।  তবে ৩০ বছরেও কিনারা হয়নি তার মৃত্যুরহস্যের।  আর তাই সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে আবারও জোরালো হচ্ছে বিচারের দাবি।  মামলার অগ্রগতি ইতিবাচক হলেও সকল আসামির দ্রুত গ্রেপ্তার নিশ্চিতের দাবি জানিয়েছে পরিবার।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ৩ দশক পেরিয়ে গেলেও তার মৃত্যুরহস্যের জট আজও খোলেনি।  ভক্তদের হাজারও প্রশ্নের নেই সদুত্তর।  

সালমান শাহর শৈশবের অনেকটা সময় কেটেছে সিলেট শহরের দারিয়াপাড়ায় নানা বাড়িতে।  মৃত্যুবার্ষিকী এলেই দেশের বিভিন্ন স্থান থেকে তার ভক্তরা এই বাড়িতে ছুটে যান।

৩০ বছর ধরে বিচারের অপেক্ষায় সালমান শাহ ভক্তরা।  মামলায় জড়িত সব আসামির গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।

এতদিন মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ থাকলেও সম্প্রতি অন্যতম অভিযুক্ত ডনকে গ্রেপ্তার করায় আশার আলো দেখছে সালমান শাহর পরিবার।  

হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এখন পর্যন্ত ৯ বার পিছিয়েছে।  ২৯শে সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমার মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া বেগবান হবে আশা সালমানের ভক্ত-অনুরাগীদের।

বিনোদন থেকে আরো পড়ুন