বাংলাদেশ

৬ মাসে সারাদেশে গ্রেপ্তার ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারি: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫১

ছবি: সংগৃহীত

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে দেওয়া তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে ৬০ হাজার ৫৯৮টি মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১৮ হাজার ৪০টি মামলা করা হয়েছে এবং ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই। হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে চাকরিচ্যুত সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর অবস্থা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী জনগণের সহযোগিতায় দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও দৃশ্যমান উন্নতি হবে।’

বিরোধী দলের আপত্তির পরও র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ বিল পাসবিরোধী দলের আপত্তির পরও র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ বিল পাস
ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রকল্পটির ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে। একনেকে অনুমোদন হলে পুরো ঢাকা মহানগরকে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে জানান, প্রতিবছর গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার ও ১৫ হাজারের বেশি মানুষ নদীভাঙনের কারণে বাস্তুচ্যুত হন। শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ২০ হাজার এবং বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। প্রতিবছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করছেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন