প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫২
সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অডিটোরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) কলেজের নিজস্ব অডিটোরিয়ামে দুই শিফটে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুরের আগে শেষ হয় এবং দ্বিতীয় পর্ব দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেলে সমাপ্ত হয়। প্রায় পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সরাসরি উপস্থিত রেখে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা এবং সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ সুবল কুমার তালুকদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন। তিনি শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষাজীবন শুরুর বিষয়ে দিকনির্দেশনা দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (শাহপরান ক্যাম্পাস)-এর চিফ স্বপন কুমার রায়।
বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার সাফল্য শিক্ষাজীবনের একটি প্রাথমিক মাইলফলক মাত্র; উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও ভালো ফলের জন্য নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার পাশাপাশি নৈতিকতা চর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। অভিভাবকদের সন্তানের পাশে মানসিকভাবে থাকার আহ্বানও জানানো হয় অনুষ্ঠান থেকে।
অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের জন্য কলেজ কর্তৃপক্ষ কিছু সুযোগ-সুবিধার ঘোষণা দেয়। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে বাছাইকৃত ১০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি ও ফি মওকুফের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষা থেকে আরো পড়ুন