শিক্ষা

সিকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১৪:৫৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে কেরাত, হামদ, নাতে রাসুল (সা.), উপস্থিত বক্তৃতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সিকৃবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় এবং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দায়ি ও সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মহান শিক্ষক ও আদর্শ পথপ্রদর্শক। তাঁর পবিত্র জীবন সামাজিকতা, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি বলেন, মহানবী (সা.) সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন, শিষ্টাচার ও উত্তম আচরণ বজায় রাখতেন এবং মানুষের সুখ-দুঃখে আন্তরিকভাবে পাশে দাঁড়াতেন। বিশ্ব ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তাঁর জীবনাদর্শে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

ভিসি আরও বলেন, বর্তমান সমাজে যখন অশান্তি, অন্যায়, হিংসা-বিদ্বেষ ও বৈষম্য বাড়ছে, তখন মহানবী (সা.)-এর সুমহান জীবনাদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর আদর্শ অনুসরণ করে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া, অন্যের অধিকারকে সম্মান করা এবং বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে শান্তিপূর্ণ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরো পড়ুন