শাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন।
স্থগিত হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন পুনরুদ্ধার ও নতুন তারিখ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় শাবিপ্রবি ক্যাম্পাসের লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীরা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিগত জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাসে অগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, হল দখল, অস্ত্রবাজি ও সিট বাণিজ্যের মতো অপসংস্কৃতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গত দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন তারা। তবে প্রশাসনের নানা অজুহাত ও কালক্ষেপণের কারণে নির্বাচন প্রক্রিয়া বারবার পিছিয়ে গেছে।
পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হলেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এরই মধ্যে ছাত্রদলের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রশাসনের কাছে শাস্তির দাবি করা হয়েছিল। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল শাকসু নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে। এরপর নির্বাচন কমিশন শাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে।
তারা আরও বলেন, পরে শাবিপ্রবির শিক্ষার্থীদের ধারাবাহিক দাবির মুখে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত সাতটি হাইকোর্টের স্থগিতাদেশের কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে।
শিক্ষার্থীরা বলেন, বর্তমানে সেই স্থগিতাদেশের সময়সীমাও শেষ হয়েছে এবং জাতীয় নির্বাচনও সম্পন্ন হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণার কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।
প্রশাসনের সঙ্গে শাকসু নিয়ে আলোচনায় বসার দাবি জানালেও বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে তারা দুটি দাবি জানান, হাইকোর্টের স্থগিতাদেশের সময়সীমা শেষ হওয়ায় অবিলম্বে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা এবং শাকসু নির্বাচন স্থগিতের সঙ্গে জড়িত রিটকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কোনো ধরনের কালক্ষেপণ না করে অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজনের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি তারা দাবি জানান।
সংবাদ সম্মেলনে তারা নতুন কর্মসূচি ঘোষণা করে। শাকসু নির্বাচনের দাবিতে আগামী রবিবার দুপুর ১টায় লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষা থেকে আরো পড়ুন