সংগৃহীত ছবি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালে আটকে থাকা একটি অজগর এবং বসতঘরের পাশ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপ দুটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব নওয়াগাঁও এলাকায় সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান রাস্তার পাশে জালে আটকে থাকা অজগরটি দেখতে পান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় জাল কেটে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
একই দিন রাত ৮টার দিকে রামনগর মনিপুরী পাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশে আরেকটি সাপ দেখা যায়। খবর পেয়ে ফাউন্ডেশনের সদস্যরা গিয়ে সেটিকে শঙ্খিনী (Bungarus fasciatus) হিসেবে শনাক্ত করেন এবং অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম জানান, উদ্ধার করা সাপ দুটি বনে অবমুক্ত করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন