সংগৃহীত ছবি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য সেবা সহজ, স্বচ্ছ ও কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগরের তালতলায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেশনটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, সিলেটের জনসংখ্যা ও বসতির ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক নাগরিকসেবার প্রয়োজনও বাড়ছে। শহরটির অনেক বাসিন্দা দেশে-বিদেশে বিভিন্ন দেশের নাগরিকসেবার সঙ্গে পরিচিত; তাই তাঁদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা জরুরি। তিনি জানান, ফায়ার সার্ভিসের সেবা সহজ ও উন্নত করার লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে।
স্টেশনটির নির্মাণকাজ নির্ধারিত ১৫ মাসের মধ্যে শেষ করার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটির সঙ্গে পুরো এলাকার নিরাপত্তা জড়িত। ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেন—তাঁদের অবদানও তিনি স্মরণ করেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নতুন স্টেশন চালু হলে নগরবাসীর জরুরি নিরাপত্তাসেবা আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। ফায়ার সার্ভিস, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন