প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৯:৪৪
সংগৃহীত ছবি।
মৌলভীবাজার পৌর শহরের কুদরতউল্লা রোডে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটি থেকে ১৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি। জেলা প্রশাসন জানায়, আল-আমিন স্টোর থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স বিসমিল্লাহ স্টোর থেকে ৬০ কেজি পলিথিন জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও সচেতন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন