সিলেট

সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির কেন্দ্র করার পরিকল্পনা সরকারের

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৬:৩১

সংগৃহীত ছবি।

সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্যে কৃষির আধুনিকায়ন, সারা বছর পরিকল্পিতভাবে সবজি উৎপাদন, কৃষিযন্ত্রের ব্যবহার এবং সংরক্ষণব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ভর্তুকিমূল্যে কৃষিযন্ত্র ও বিনা মূল্যে এলএলপি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’-এর আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলার কৃষিজমি সারা বছর চাষাবাদের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এ জন্য খাল খননসহ সেচ ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি ভর্তুকিতে পাওয়া কৃষিযন্ত্র যথাযথভাবে ব্যবহার করে কৃষকেরা যেন সুফল পান, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র ও ইতালিসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের বাজারে সিলেটের সবজি রপ্তানির সুযোগ রয়েছে বলে জানান মন্ত্রী। এ সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন পরিকল্পনা, পণ্যের মান, প্যাকেজিং ও সংরক্ষণব্যবস্থা উন্নত করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সিলেট বিমানবন্দর এলাকায় প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। কোন মৌসুমে কোন এলাকায় কী ধরনের সবজি উৎপাদন উপযোগী, তা চিহ্নিত করে পরিকল্পনা করা হবে। আগামী পাঁচ বছরে সিলেটের কৃষি ও উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। এর আগে মন্ত্রী সিলেট সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পানি বিশুদ্ধকরণ ফিল্টার বিতরণ করেন।

সিলেট থেকে আরো পড়ুন