প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ২০:৫৫
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ২০২২ সালে আনুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদটি ভারপ্রাপ্ত কিংবা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।
হাওর বেষ্টিত ৪ টি ইউনিয়নে প্রায় ১লক্ষ জনগোষ্ঠী নিয়ে নতুন উপজেলা হিসেবে মধ্যনগরে প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ইউএনও পদে নিয়মিত কর্মকর্তা না থাকায় বিভিন্ন সরকারি কার্যক্রমের সমন্বয়, নাগরিক সেবা, উন্নয়ন প্রকল্পের তদারকি ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে যার ফলে দূর্নীতি ও লুটপাটের পরিসীমা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ধর্মপাশার ইউএনও ওপর একাধিক দায়িত্ব থাকায় মধ্যনগরের প্রশাসনিক কাজে তিনি সাপ্তাহে একদিন ( মঙ্গলবার) প্রত্যাশিত সময় ও মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষকে বিভিন্ন সেবা নিতে ভোগান্তিতে পড়তে হয়।
তারা বলেন, মধ্যনগরকে একটি কার্যকর ও পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়মিত কর্মকর্তা নিয়োগ দিতে হবে। বিশেষ করে ইউএনও পদে দ্রুত একজন স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবি দীর্ঘদিনের।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মধ্যনগর উপজেলায় একজন নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পদসমূহে পদায়নের দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বের দীর্ঘস্থায়ী ব্যবস্থা থেকে মধ্যনগরকে মুক্ত করে একজন পূর্ণকালীন ইউএনও নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা ও সেবার ধারাবাহিকতা নিশ্চিত করা হবে।
মধ্যনগর উপজেলা বি এন পির আহবায়ক আবে হায়াত জানান - আমরা আমাদের মাননীয় এম পি সাব ও সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলব - দ্রুত মধ্যনগর উপজেলায় একজন স্হায়ী ইউএনও সহ সরকারি সকল দপ্তরে কর্মকর্তা নিয়োগ ও পদায়ন করে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর জোর দাবী জানাচ্ছি।
মধ্যনগর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি গোলাম জিলানী ও সেক্রেটারি আব্দুল কাদির মাস্টার বলেন -জন দুর্ভোগ লাঘবের জন্য দীর্ঘদিন আনন্দোলন সংগ্রাম করে আমরা ধর্মপাশা থেকে আলাদা হয়ে মধ্যনগর উপজেলা পেয়েছি, এখনোও যদি সেই দুর্ভোগেই লেগে তাকে এটা অত্যান্ত দুঃখের বিষয়। সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবী দ্রুত স্হায়ী ইউএনও সহ সকল দপ্তর চালু করা হউক।
সিলেট থেকে আরো পড়ুন