সিলেট

সিলেট-মৌলভীবাজার মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ০১:০৮

ফাইল ছবি

সিলেট-মৌলভীবাজার মহাসড়কের প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান চালক। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সামনে অজ্ঞাত ওই বৃদ্ধ সড়কে অবস্থান করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

আহত বৃদ্ধের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ায় গাড়ি ও চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

সিলেট থেকে আরো পড়ুন