সংগৃহীত ছবি।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব-দৌলতপুর গ্রামে প্রায় ৪০ ফুট উঁচু একটি প্রাকৃতিক টিলা কেটে মাটি সরানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মৃত আলকাছ আলীর মালিকানাধীন টিলার বেশির ভাগ অংশ ইতিমধ্যে কেটে নেওয়া হয়েছে। মাটি ট্রাক ও ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে নিয়ে নিচু জমি ভরাট করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, টিলাটি শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্র ও ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রায় ৩০০–৪০০ মিটার দূরে। সেখানে শ্রমিকদের শাবল দিয়ে মাটি কেটে নিচে ফেলা এবং পরিবহনে তোলার কাজ করতে দেখা গেছে। এ ঘটনায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিকের দাবি, ঠিকাদারেরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করেই টিলা কাটছেন এবং ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এতে সহায়তা করছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া বলেন, টিলা কেটে মাটি বিক্রির বিষয়ে তাঁকে কেউ জানাননি। তিনি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব জানান, এর আগে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। আবার টিলা কাটা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট থেকে আরো পড়ুন