প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১২:১৭
প্রতীকী ছবি
মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকায় একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ‘আরজু ভিলা’ নামে ভবনটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ফ্ল্যাটে তাঁর সঙ্গে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা বাইরে এসে নারীটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে ওই নারী নিচে পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী ও এক যুবক অনলাইন অ্যাপের মাধ্যমে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
সিলেট থেকে আরো পড়ুন