ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অবাক করার মতো হলেও সত্যি- এই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ের খবরে বিস্মিত এলাকাবাসীও। বিষয়টি জানাজানি হওয়ার পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
বাল্যবিয়ের বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে তালার ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়। সেখানে উপস্থিত হয়ে অভিভাবকরা তাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের বিষয়টি স্বীকার করেন।
পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এতে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের শ্বশুরবাড়িতে না পাঠিয়ে বাবার বাড়িতে রাখা এবং তাদের পড়াশোনা অব্যাহত রাখার অঙ্গীকার করেন অভিভাবকরা। এরপর শিক্ষার্থীদের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
ইউএনও জানান, মুচলেকার শর্ত ভঙ্গ করে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনো শিক্ষার্থীর বিয়ে দেওয়া বা তাকে শ্বশুরবাড়িতে পাঠানো হলে সংশ্লিষ্ট অভিভাবকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন