সিলেট

কিশোরীর কোমরে শিকল বেঁধে ঘুরানোর ঘটনা অমানবিক ও আইনের লঙ্ঘন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৫

ছবি: সংগৃহীত

সিলেটের উপশহরে ১৬ বছরের এক কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, একটি দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরির অভিযোগে তাকে এভাবে জনসম্মুখে হাঁটানো হয়।

ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়া এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনজ্ঞরা বলছেন, বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার আগেই কাউকে জনসম্মুখে লাঞ্ছিত করা আইনের লঙ্ঘন। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এমন ঘটনা শুধু নারীর প্রতি অবমাননাই নয়, মানবিক মর্যাদারও চরম লঙ্ঘন।

সোমবার রাতে শাহজালাল উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকায় কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানোর ঘটনা ঘটে। পরে তাকে শাহপরাণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ওই কিশোরীসহ তার আরও দুই সহযোগীর বিরুদ্ধে উপশহরের একটি দোকানের ক্যাশ বাক্স চুরির চেষ্টার অভিযোগ ব্যবসায়ীদের। দোকানের সিসিটিভি ফুটেজেও এমনটি দেখা গেছে। এ অভিযোগের পর স্থানীয় কয়েকজন তাকে আটক করে শিকল পরিয়ে সড়কে হাঁটান। 

ঘটনার ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় পুলিশ।

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত শাহজালাল উপশহর এলাকার জাকির হোসেন, মোজাক্কির হোসেন ও বুরহান উদ্দিনকে শনাক্ত করে আটক করা হয় বলে জানিয়েছেন এসএমপির উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম।

আইনজ্ঞদের মতে, কেউ অপরাধে জড়িত হলেও তাকে আটক করে নিজের হাতে শাস্তি দেওয়ার সুযোগ নেই। আমলযোগ্য অপরাধে কাউকে আটক করা হলে দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। কিন্তু আটকের পর শিকল পরানো, জনসম্মুখে অপমান কিংবা সম্মানহানি করা আইনবিরোধী।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেট শাখার প্রধান সৈয়দা শিরিন আক্তার বলেন, বিচার প্রক্রিয়ায় যাওয়ার আগে কাউকে এভাবে জনসম্মুখে লাঞ্ছিত করা আইনের লঙ্ঘন। অপরাধের অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম বলেন, অপরাধী হলেও প্রমাণের আগে তাকে পুলিশের কাছে না দিয়ে এভাবে জনসম্মুখে অপমান করা নারীর প্রতি অবমাননা ও মানবতার অপমান। তিনি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শাহপরাণ থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন