প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৪
২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের একটি সড়ক/ফাইল ছবি।
২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসন ও পুনর্নির্মাণে ১৪৩ কোটি ৪৭ লাখ টাকার বেশি ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-০১-এর একটি কাজের দরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দরপত্রটির প্যাকেজ নম্বর ০৪/ই-জিপি/ডিইভি/সুনামগঞ্জ/ইই/আরএইচডি/২০২৫-২০২৬ এবং দরপত্র পরিচিতি নম্বর ১১৮৪৯৮৪।
একই প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-১০-এর আওতায় আরেকটি কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে, যার প্যাকেজ নম্বর ০২/ই-জিপি/ডিইভি/সুনামগঞ্জ/ইই/আরএইচডি/২০২৫-২০২৬ এবং দরপত্র পরিচিতি নম্বর ১১৮৩৫১৬। প্রস্তাব অনুযায়ী, এই কাজের মূল চুক্তিমূল্য ১৪৩ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৭৫৪ টাকা ৭৭ পয়সা এবং কাজটি বাস্তবায়নের জন্য সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড।
উল্লেখ্য, ২০২২ সালের বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুনামগঞ্জেও বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে যোগাযোগে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এসব অবকাঠামোর পুনর্বাসন ও পুনর্নির্মাণের অংশ হিসেবে প্রকল্পের আওতায় কাজগুলো বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন