ঊদ্ধারকৃত এয়ারগান।
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সড়কের পূর্ব পাশে পাহাড়ের ওপর জঙ্গলের ভেতর থেকে এসব এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব ৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল জানতে পারে, ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সড়কের পূর্ব পাশে জঙ্গলের ভেতরে এয়ারগান রয়েছে।
সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে র্যাবের দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে ঢাকা দক্ষিণ সড়কের পূর্ব পাশে পাহাড়ের ওপর জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা এয়ারগানগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মোট ৫১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, চারটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিলেট থেকে আরো পড়ুন