শিক্ষা

সিলেটে ছাতক সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ২৩:০৭

ছবি: নাবিদ

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাতকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাতক সমিতি সিলেট। শনিবার (২৯ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি, ছাতক সমিতি সিলেটের উপদেষ্টা ও সাবেক সভাপতি নাসিম হোসাইন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুদ রানা।

প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম।

ছাতক সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক এটিএম তারেক, অস্ট্রেলিয়া প্রবাসী শামীম আহমদ সহ নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমান ছাদিক।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাতকের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ছাতক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরো পড়ুন