সিলেট

ওসমানীতে দুই সাংবাদিকের ওপর হামলা: শনিবার সমাবেশ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ২৩:২৯

ছবি: এআই নির্মিত

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আগামী শনিবার (৩১ অক্টোবর) সমাবেশের ডাক দিয়েছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় হামলার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলালসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন