প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৩
সংগৃহীত ছবি।
সিলেট নগরের খাদিমনগর বিসিক শিল্পনগরীতে বোতলজাত ভোজ্য তেলের পরিমাণে কম দেওয়ায় ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে অভিযান চালিয়ে এ অনিয়ম ধরা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি লিটারের বোতলে প্রায় ৭০ মিলিলিটার এবং ৪০০ মিলিলিটারের বোতলে প্রায় ৩৫ মিলিলিটার তেল কম দিচ্ছিল। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তেল বোতলজাত করার অভিযোগে জরিমানা করা হয়।
অভিযানে পরিমাণে কম থাকা ২৫ হাজার বোতল তেল পুনরায় সঠিক পরিমাণে বোতলজাত করার ব্যবস্থা করা হয়। বিএসটিআই ও সিলেট মহানগর পুলিশ অভিযানে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, জনস্বার্থ রক্ষা ও পণ্যের সঠিক পরিমাণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন