প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৮:৩১
সংগৃহীত ছবি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
জেলা প্রেসক্লাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১০টার দিকে রোগীর স্বজনদের ওপর হামলার তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪-এর প্রতিবেদক নিবেন্দু তালুকদার আক্রান্ত হন। তাঁরা দুজনই প্রেসক্লাবের সদস্য। অভিযোগ, পরিচয়পত্র দেখানোর পরও ইন্টার্ন চিকিৎসকেরা স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাঁদের মাথায় আঘাত করেন। আহত সাংবাদিকেরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক বিবৃতিতে ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে উল্লেখ করেন। তাঁরা ওসমানী হাসপাতালসহ সব জায়গায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
ঘটনার পর করণীয় নির্ধারণে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে জরুরি সভা হয়। সভায় হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা।
সিলেট থেকে আরো পড়ুন