সংগৃহীত ছবি।
হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অলি মাধবপুর উপজেলার তুলসীপুর (অলিপুর) গ্রামের ইউনুছ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কিনে দেওয়ার কথা বলে জাহানারা বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁর জামাতা অলি। এরপর তিনি নিখোঁজ হন। দুদিন পর সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশের একটি বেতবাগান থেকে তাঁর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সংবাদপত্রে প্রকাশিত খবর দেখে জাহানারার ছেলে মিজানুর রহমান মরদেহ শনাক্ত করেন এবং চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ অলিকে গ্রেপ্তার করে। আদালতে তিনি ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরার পর আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. গুলজার আহমেদ খান। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পেরেছে।
সিলেট থেকে আরো পড়ুন