সংগৃহীত ছবি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষের সময় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকেরা হলেন সিলেট ভিউয়ের প্রতিবেদক নিবেন্দু তালুকদার ও শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল। তাঁদের মাথায় আঘাত লেগেছে এবং সেলাই দিতে হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দক্ষিণ সুরমার সিলাম এলাকার এক রোগীর অস্ত্রোপচার নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাগ্বিতণ্ডা ও মারামারি হয়। এ সময় পরিস্থিতির ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। স্যালাইনের স্ট্যান্ড দিয়ে আঘাত করে তাঁদের আহত করা হয়েছে বলে অভিযোগ। রোগীর এক নারী স্বজনসহ আরও কয়েকজনও আহত হয়েছেন।
ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকেরা প্রায় দুই ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ রাখেন বলে জানা গেছে। জরুরি বিভাগের গেট বন্ধ থাকায় হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনেরা ভোগান্তিতে পড়েন; কেউ কেউ চিকিৎসা না পেয়ে ফিরে যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মঈনুল জাকির জানান, ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের সংঘর্ষের মধ্যে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হামলার প্রতিবাদে গভীর রাতে নগরের চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। তাঁরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পরিচালক ফোন ধরেননি।
সিলেট থেকে আরো পড়ুন