প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১২:৪০
সংগৃহীত ছবি।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষককে ঘুষি মারার অভিযোগ উঠেছে দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৮ অক্টোবর) ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাঁরা অভিযুক্ত শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শ্রেণিকক্ষে শৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক আল-আমিনের সঙ্গে ফারহানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারহান শিক্ষককে ঘুষি মারে বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চুনারুঘাট থানা-পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রিজার্ভ ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ ও স্থানীয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ও সহকারী পুলিশ সুপার রাফিউর রহমানের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন