সিলেট

সিলেটে পরিবেশ ও ডেঙ্গু সচেতনতায় আলোকচিত্র প্রতিযোগিতা, পুরস্কার ৬০ হাজার টাকা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৪৭

সংগৃহীত ছবি।

সিলেট নগরের এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণের চিত্র তুলে ধরতে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ক্যামেরা ও মোবাইল—দুটি বিভাগে প্রতিযোগিতা হবে। ক্যামেরা বিভাগে প্রথম পুরস্কার ৬০ হাজার এবং মোবাইল বিভাগে ৪০ হাজার টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সই করা বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয়। সিলেট ফটোগ্রাফিক সোসাইটি কারিগরি ও অন্যান্য সহায়তা দেবে। নগরের মশাবাহিত রোগের ঝুঁকি ও পরিবেশদূষণ তুলে ধরে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এ আয়োজনের উদ্দেশ্য।

সিলেট মহানগরে বসবাসরত পেশাদার ও অপেশাদার আলোকচিত্রী, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকেরা অংশ নিতে পারবেন। ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত competition.scc.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে ছবি জমা দেওয়া যাবে। একজন প্রতিযোগী একটি বিভাগে অংশ নিয়ে এক থেকে তিনটি ছবি জমা দিতে পারবেন। ছবিগুলো ২০২৬ সালের নভেম্বর মাসে সিলেট মহানগর এলাকায় তোলা হতে হবে।

ছবির বিষয় হতে পারে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল, জমে থাকা পানি, ছড়া-খাল-নদীতে বর্জ্য, ড্রেন ও জলাশয়ে প্লাস্টিক-পলিথিন দূষণ, বর্জ্যের কারণে জলাবদ্ধতা এবং পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় ইতিবাচক উদ্যোগ। ছবি JPEG বা JPG ফরম্যাটে জমা দিতে হবে। বাস্তব দৃশ্য বদলে দেয় এমন সম্পাদনা, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি বা একাধিক ছবি জুড়ে তৈরি ছবি গ্রহণযোগ্য হবে না।

ক্যামেরা বিভাগে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৪০ হাজার ও ৩০ হাজার টাকা; মোবাইল বিভাগে ৩০ হাজার ও ২০ হাজার টাকা। এ ছাড়া পরিবেশ সচেতনতামূলক সেরা ছবি এবং ডেঙ্গু সচেতনতামূলক সেরা ছবির জন্য ১৫ হাজার টাকা করে এবং প্রশাসকের বিশেষ পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা দেওয়া হবে। পুরস্কারের সঙ্গে ক্রেস্ট ও সনদও থাকবে। নির্বাচিত ছবি নিয়ে ডিসেম্বরে প্রদর্শনীর আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন