জাতীয় নিরাপদ সড়ক দিবসে বিআরটিএর রোড শো ও আলোচনা সভা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৩৩
সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে একে অপরকে দোষারোপ না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট সার্কেলের উদ্যোগে আয়োজিত রোড শো-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম, উপপুলিশ কমিশনার (ট্র্যাফিক) সুদীপ্ত রায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ও বিআরটিএ সিলেট সার্কেলের উপপরিচালক (অপারেশন) আবদুর রশিদ।
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্ব স্বাগত বক্তব্য দেন বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন। তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় সড়ক নিরাপত্তা, ট্র্যাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রফিকুল ইসলাম এবং সিলেট জেলার বাস মালিক-শ্রমিক ও ট্রাক মালিক-শ্রমিক সমিতির সভাপতিরা।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১৫ পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ ছাড়া চারজন চালককে সনদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদ্যাপন করা হয়।
সিলেট থেকে আরো পড়ুন