সিলেট

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১২:১০

সংগৃহীত ছবি।

আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করা হামিদুর রহমান সাত বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বকনিষ্ঠ।

মুক্তিযুদ্ধের শেষভাগে দলই সীমান্ত ফাঁড়ি দখলের অভিযানে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সি কোম্পানির হয়ে অংশ নেন হামিদুর রহমান। পাকিস্তানি সেনাদের মেশিনগান পোস্টের তীব্র গুলিতে মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রা থেমে গেলে তাঁকে গ্রেনেড হামলার দায়িত্ব দেওয়া হয়। গুলিবিদ্ধ হয়েও তিনি মেশিনগান পোস্টটি অকার্যকর করে দেন। তাঁর বীরত্বে মুক্তিযোদ্ধারা সীমান্ত ফাঁড়িটি দখল করেন।

যুদ্ধের পর সহযোদ্ধারা তাঁর মরদেহ উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমেরছড়া গ্রামের একটি পারিবারিক কবরস্থানে দাফন করেন। ২০০৭ সালের ১০ ডিসেম্বর তাঁর দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিজিবি ব্যাটালিয়ন কমান্ড ও কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দলই সীমান্তে তাঁর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের কথা রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন