সিলেট

চার কোটি টাকার সেতু আছে, নেই সংযোগ সড়ক; দুর্ভোগে ১৫ হাজার মানুষ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১২:০৮

সংগৃহীত ছবি।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে লাঘাটা নদীর ওপর প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে চালু করা যাচ্ছে না। ফলে দক্ষিণ ইসলামপুরসহ অন্তত ১২টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এখনো নদী পারাপারে ডিঙি নৌকা ও নড়বড়ে বাঁশের সাঁকুর ওপর নির্ভর করছেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, কামারচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়-ধলাই খেয়াঘাট সড়কের অংশ হিসেবে ৬০ মিটার দীর্ঘ আরসিসি সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের ৬ জুলাই। চুক্তি অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রিন্স মামুন (জেভি)’-এর ২০২১ সালের ১৮ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক বছর পরও সংযোগ সড়ক তৈরি না হওয়ায় সেতুটি ব্যবহার করা যাচ্ছে না।

বর্ষায় মাটি সংগ্রহে সমস্যা ও জমি অধিগ্রহণসংক্রান্ত আইনি জটিলতায় সংযোগ সড়কের কাজ বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশলী কার্যালয়। এখন বিদ্যমান অবস্থায় অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী আব্দুল গনি বলেন, মাটির কাজ শুরু হয়েছে এবং আগামী মাসের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী করার আশা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সেতু চালু না হওয়ায় শিক্ষার্থী, প্রবীণ ও জরুরি রোগীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। কৃষিপণ্য ও ব্যবসার মালামাল পরিবহনে সময় ও খরচও বাড়ছে। তাঁরা দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালুর দাবি জানিয়েছেন।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন