শিক্ষা

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সিকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ১৩:৫৩

সংগৃহীত ছবি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিতের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণালব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগের ওপর জোর দিয়ে তিনি বলেন, কৃষিতে দক্ষ জনশক্তি তৈরিতে মাধ্যমিক স্তরেই জীবনমুখী ও প্রায়োগিক শিক্ষা অন্তর্ভুক্ত করা উচিত।

বিদেশে কর্মমুখী পেশায় শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, আন্তর্জাতিক ভাষাদক্ষতা ও প্রায়োগিক জ্ঞানের ওপর গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং অবকাঠামো উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপাচার্য মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষা, কৃষি গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষা থেকে আরো পড়ুন