সিলেট

চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধরের অভিযোগ, ৬ মাসের কারাদণ্ড

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২১

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

হবিগঞ্জের চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় জন্মদাত্রী মাকে লাঠি দিয়ে মারধর করে আহত করার অপরাধে প্রীতম সরকার (৩২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রাজারবাজার দামোদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত প্রীতম সরকার ওই এলাকার রুকমিনী সরকারের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রীতম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে দেশি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে অকারণে নিজের মাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তার মা গুরুতর আহত হন। মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় প্রীতমকে আটক করে। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রীতম সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন