সিলেট

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৫:৪০

সংগৃহীত ছবি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পূর্ব লইয়ারকুল গ্রামের নাসির মিয়া (২৬), গিয়াস মিয়া (২৫), বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গলের পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নাল মিয়ার স্ত্রী সাবানা বেগমকে (৩০) হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই হেলাল মিয়া ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন।

আদালত মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে দণ্ডবিধির ৩২৬ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। জয়নাল আবেদীনকে ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের পূর্ববর্তী হাজতবাস সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশও রয়েছে।

খালাস পাওয়া পাঁচজন হলেন জাবেদ মিয়া, হাসি বেগম, আবুল বাশার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগম। আদায়কৃত অর্থদণ্ডের অর্থ নিহতের পরিবারের সদস্যদের দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সিলেট থেকে আরো পড়ুন