বাংলাদেশ

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৪:৪৯

সংগৃহীত ছবি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে বৈঠকটি হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও শিল্পায়নে জাপান সরকার এবং দেশটির বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশকে অর্থনৈতিক, প্রযুক্তি ও উৎপাদনশিল্পের কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা করছে সরকার। তাঁর পূর্বাভাস, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হতে পারে এবং ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াতে পারে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাপানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী এলএনজি অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এশিয়ায় জ্বালানি নিরাপত্তার জন্য জাপানের ৫০ বিলিয়ন ইয়েনের জরুরি ঋণসহায়তার কথাও উল্লেখ করা হয়।

প্রযুক্তি খাতে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠা এবং এআই, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনে সহযোগিতার প্রস্তাব দেন তারেক রহমান। মহাকাশবিজ্ঞান ও স্যাটেলাইট প্রযুক্তিতে অংশীদারত্ব বাড়ানো এবং ছয়টি বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক ও দেশব্যাপী উড়ালসড়ক নির্মাণে জাপানের কারিগরি, বিনিয়োগ ও অর্থায়ন সহযোগিতাও চান তিনি। বৈঠকে জ্বালানি, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে ১ ট্রিলিয়ন ইয়েনের বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দ্রুত কার্যকর করা, অগ্রাধিকার প্রকল্প এগিয়ে নেওয়া এবং দুই দেশের সহযোগিতা সমন্বয়ে মন্ত্রীপর্যায়ের যৌথ কমিশন গঠনের প্রস্তাবও উঠে আসে। আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য জাপানের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

বাংলাদেশ থেকে আরো পড়ুন