প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৫
সিলেটে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক র্যালিতে অংশ নেন বাংলাদেশ স্কাউটসের রোভাররা।
ডেঙ্গু জ্বর বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, বিশেষত বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব বাড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে, তাই মশার প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।
সিলেটের রাজারগলিস্থ কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের উদ্যোগে আয়োজিত একটি পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের কমিশনার অধ্যাপক মো. মবশ্বির আলীর সভাপতিত্বে এবং জেলা রোভারের সম্পাদক ছয়ফুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন জেলা রোভারের গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি সেলিম আউয়াল, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাদৎ হোসেন ও সহকারী কমিশনার রাহিম উদ্দিন রাহিসহ অন্যরা।
আলোচনা সভা শেষে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে হযরত শাহজালালের দরগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়, যাতে বিভিন্ন ইউনিট থেকে অর্ধশতাধিক রোভার ও গার্ল ইন রোভার অংশ নেয়। এ ছাড়া কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।
সিলেট থেকে আরো পড়ুন