প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১২:৩৭
সংগৃহীত ছবি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ও জনবল সংকটে রোগীদের চিকিৎসা নিতে ভোগান্তি হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার তুলনায় বেশি রোগী ভর্তি থাকেন। শয্যা না পেয়ে অনেকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। এতে বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক রোগীদের দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকের ৪০টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ৯ জন; শূন্য ৩১টি পদ। নার্সের ৩৬টি পদের মধ্যে কর্মরত ২০ জন। প্রয়োজনীয় জনবলের অভাবে এক্স-রে কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে রোগীদের পরীক্ষা করাতে অন্য হাসপাতাল বা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আহমদ জানান, হাসপাতালে প্রতিদিন ১০০ জনের বেশি রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে সাড়ে ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। সীমিত জনবল নিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয়রা শয্যা বাড়ানো এবং চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন।
সিলেট থেকে আরো পড়ুন