সিলেট

সিলেটে হামলায় আহত দুই সাংবাদিকের পাশে নাগরী নিউজ

নাগরী নিউজ পরিবারের পক্ষ থেকে আহত দুই সাংবাদিককে উপহার দেওয়া হয়েছে। গতকাল নাগরী নিউজের প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং পোর্টালটির সম্পাদক স্বপন শিকদারের পক্ষ থেকে উপহার তুলে দেন।

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ২৩:৫৯

ছবি: নাগরী নিউজ

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের প্রতি সহমর্মিতা জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল নাগরী নিউজ।

এ উপলক্ষে নাগরী নিউজ পরিবারের পক্ষ থেকে আহত দুই সাংবাদিককে উপহার দেওয়া হয়েছে। গতকাল নাগরী নিউজের প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং পোর্টালটির সম্পাদক স্বপন শিকদারের পক্ষ থেকে উপহার তুলে দেন।

নাগরী নিউজের সম্পাদক স্বপন শিকদার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাঁদের লেখনির মাধ্যমে মানুষ অজানা বিষয় জানতে পারে এবং সমাজের নানা অসংগতি সামনে আসে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। তিনি এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অস্ত্রোপচার কক্ষের সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হোন ওই দুই সাংবাদিক। তাঁদের দাবি, রোগীর স্বজনদের মারধরের দৃশ্য ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় দুই রোগীর স্বজনদেরও মারধর করা হয়।
 
হামলায় আহত দুই সাংবাদিক হলেন সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার ও শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল। তাঁদের অভিযোগ, হামলার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কর্মবিরতির অজুহাতে তাঁদের ভর্তি নেওয়া হয়নি। পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসা নিয়েছেন।

হামলার প্রতিবাদে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন কর্মরত সাংবাদিকরা। পরে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হামলার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার হয়। 

সিলেট থেকে আরো পড়ুন