প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১২:৩৪
সংগৃহীত ছবি।
সুনামগঞ্জের ছাতকবাজারে ছয় বছর ধরে ট্রেন চলাচল বন্ধ। সিলেট-ছাতক রেলপথের ৩৪ কিলোমিটার পুনর্বাসনে ২৪১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার প্রকল্প নেওয়া হলেও গত অক্টোবর পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে মাত্র ২৩ শতাংশ। প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে; নতুন রেললাইন স্থাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি।
রেলওয়ে সূত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনা মহামারির কারণে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়। ২০২২ সালের বন্যায় রেলপথের বাঁধ, স্লিপার, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পুনর্বাসন প্রকল্পের আওতায় রেলপথ, সেতু ও কালভার্ট মেরামত এবং তিনটি স্টেশন পুনর্বাসনের কাজ রয়েছে। ইতিমধ্যে পুরোনো রেললাইন সরানো হয়েছে এবং ৯৬টি পাইলিং পয়েন্টের মধ্যে ৮৫টির কাজ শেষ হয়েছে।
স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা দ্রুত কাজ শেষ করে ট্রেন চালুর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, রেল যোগাযোগ বন্ধ থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে সময় ও খরচ বেড়েছে। প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, বৃষ্টি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমস্যায় কাজে বিলম্ব হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন